দ্বিতিয়ার্ধে জয় পেয়েছে টিম অরাস ও ইনপেস

১২ ডিসেম্বর, ২০২০ ১৯:২১  
অতিমারির চোখ রাঙানি উপেক্ষা করে শনিবার শিশির ভেঁজা সকালে মাঠে গড়িয়েছে বিসিএস-এভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট। প্রথমার্ধে অনুষ্ঠিত হয়েছে ২টি ম্যাচ। এতে জয় পেয়েছে আইটি পল্লী ও সি অ্যান্ড সি বিক্রমপুর। দ্বিতিয়ার্ধের দুই ম্যাচে জয় পেয়েছে টিম অরাস ও ইনপেস। রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে চলমান টুর্নামেন্টে টেক রিপাবলিক দলের বিপক্ষে তৃতীয় খেলায় সুপার ওভারে দলকে জিতিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন টিম অরাসের শরিফুল্লাহ। অপরদিকে প্রতিপক্ষ এমএসআই সুপ্রিমের বিপক্ষে হাফ সেঞ্চুরি করে টিমের জয় নিশ্চিত করে চতুর্থ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয় ইনপেইস এর ইমন। প্রথমার্ধের দ্বিতীয় ম্যাচে টসে জয় লাভ করে বোলিং করার সিদ্ধান্ত নেয় সি অ্যান্ড সি বিক্রমপুর। প্রতিপক্ষ ১২ ওভার ১ বলে ৬৩ রানে গুটিয়ে যায় এফবিএল কিং স্টার। ব্যাট হাতে মাত্র ছয় ওভারে লক্ষ্য ছুঁতে সক্ষম হয় সি অ্যান্ড সি বিক্রমপুর। হ্যাট্রিক উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সজীব। এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে হক ব্র্যাদার্সের বিপক্ষে ৪ উইকেটে জয় পায় আইটি পল্লী। অপরাজিত ৪৩ রান করে প্রথম খেলার ম্যান অব দ্য ম্যাচ হয় আইটি পল্লীর তন্ময়। আইটি পল্লী ১৬ ওভারে করে ১০৪ রান। রবিবার সকালে এবি কম্পিউটারের বিপক্ষে খেলবে এক্সেল রয়েলস। দ্বিতীয় খেলায় সিটি রোয়ারের মুখোমুখি হবে নাঈম ওয়ারিয়র। দুপুরে বাক্কোর মুখোমুখি হবে থ্রি এস টাইগার্স। প্রথম রাউন্ডের শেষ খেলায় এমসিএস সুপার কিংসের প্রতিপক্ষ আইএসপিএবি। শনিবার সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব ড. বিকর্ণ কুমার ঘোষ, বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটস্ট্যান্ডিং (বাক্কো) এর সভাপতি ওয়াহিদ শরীফ, বিসিএস এর সাবেক সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ, ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, বিসিএস ইভেন্ট ম্যানেজম্যান্ট কমিটির চেয়ারম্যান ইউসুফ আলী শামীম, আয়োজক কমিটির আহ্বায়ক বিসিএস পরিচালক মো. রাশেদ আলী ভূঁইয়া এবং টুর্নামেন্টের যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জামান টিটো’র উপস্থিতিতে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়।